ভাঙ্গায় ৪ গ্ৰামবাসী যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল দশা।


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা(ফরিদপুর) সংবাদদাতা-১৭/০৭/২০২৫
ফরিদপরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর বাজার থেকে বটতলা মোড় পর্যন্ত ৪ গ্রামের লোকজন যাতায়াতের একমাত্র রাস্তার বেহাল দশা। রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে সংস্কারের দাবিতে গ্ৰামবাসী মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে গ্রামবাসীর পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশ গ্ৰহন করে।
মানববন্ধনে অংশ নিয়ে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. ছিদ্দিক মিয়া বলেন, এই রাস্তা দিয়ে ভাঙ্গা, মুকসুদপুরের শত শত লোক নিয়মিত যাতায়াত করে। এছাড়াও এলাকার স্থানীয় লোকজন সহ স্কুলগামী শিক্ষার্থীরাও রাস্তাটি ব্যবহার করে থাকে। ইউনিয়ন পরিষদের পর্যাপ্ত অর্থ না থাকায় রাস্তাটি চলাচলের উপযোগী করতে পারছিনা। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অনতিবিলম্বে বেহাল এই রাস্তাটি মেরামত করে চলাচলের উপযোগী করে দিবেন।