ভাঙ্গায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি


মোঃ রমজান সিকদার

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -১৮/০৩/২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের চরচান্দ্রা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ প্রকাশ করায় ভাঙ্গার সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়েছে সোহেল মাতুব্বর নামের এক বালু ব্যবসায়ী। অতঃপর জীবনের নিরাপত্তা নিশ্চিতে এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকগন।
সাংবাদিকদের লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, ১৮ মার্চ সকালে মুঠোফোনে কল দিয়ে দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দেখে নেয়ার হুমকি প্রদান করেন সোহেল মাতুব্বর।
সোহেল মাতুব্বর ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক নয়াকান্দা এলাকার প্রয়াত তাজুল মাতুব্বরের ছেলে।

সোহেল মাতুব্বর আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে নিজেকে বিএনপির ক্ষমতাধর নেতা বলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। এ কারণে, তিনি বেপরোয়া আচরণ করছেন।

ওই প্রতিনিধি জানান, দীর্ঘদিন যাবৎ সোহেল মাতুব্বর সদরপুরের চরচান্দ্রা ইউনিয়নের অন্তর্গত আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা চারজন সরেজমিনে যাই ও ঘটনার সত্যতা পাই। এলাকাবাসী অভিযুক্ত সোহেল মাতুব্বরের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তারই ভিত্তিতে আমরা সংবাদ প্রকাশ করি। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল মাতুব্বর আমাদের দেখে নেয়ার হুমকি দেয়। একইসাথে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত’র বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।