
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা১৩/০৯/২০২৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের ভদ্রাসন গ্ৰামের উত্তর পাড়ায় ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই সালাউদ্দিন শেখ(৩০) নিহত হয়েছে। বড় ভাইকে বঁটি দিয়ে কুপিয়ে ছোট ভাই আলাউদ্দিন শেখ (২৫) পালিয়েছে। তারা দুজনই উক্ত গ্রামের শাহজাহান শেখের পুত্র।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পারিবারিক কলহের জের ধরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই বঁটি দিয়ে বড় ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এতে বড় ভাই সালাউদ্দিনের পেট কেটে ভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কয়েকঘণ্টা পর রাতেই সে মারা যান। আজ শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সালাউদ্দিনের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারে শোকের ছায়া নেমে আসে। আশপাশের শতশত লোকজন ও বাড়িতে ভীড় জমায়।
তুজারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওলিউর রহমান জানান, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই গুরুতর জখম হন। পরে তাকে মারাত্মক জখম অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত দশটার দিকে মারা যায়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, বিষয়ে জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক আলাউদ্দিন শেখ পালিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্ৰহন করা হবে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত

