চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে থানায় জিডি

বিনোদন ডেস্ক: সোমবার (২৯ জুন) বিকেলে গুলশান থানায় চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কণ্ঠশিল্পী দিলরুবা খান।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকিব খানের বিরুদ্ধে কপিরাইট আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন করে ‘পাগল মন’ গান ব্যবহারের অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে। গানটির গীতিকার কায়সার আহমেদ, সুরকার আশরাফ উদাসসহ তিনজনের পক্ষে দিলরুবা খান এই জিডি করেন। এখন বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।

সাধারণ ডায়েরিতে দিলরুবা খান জানিয়েছেন, তাদের অনুমতি ছাড়াই গানটির পিক দুই লাইন শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘পাসওয়ার্ড’ সিনেমার গানে ব্যবহার করেছেন। পরে তা ইউটিউব চ্যানেলেও প্রকাশ করেছেন ও এই গান একটি বিজ্ঞাপনে দিয়েছেন।

এর আগে গত রোববার (২৮ জুন) শাকিব খান প্রযোজিত ও অভিনীত ‘পাসওয়ার্ড’ সিনেমায় অনুমতি ছাড়া ‘পাগল মন’ গানটি ব্যবহার করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ইউনিটে দিলরুবা খানের পক্ষে আইনজীবী ওলোরা আফরিন অভিযোগে দায়ের করেছেন। এতে একটি মোবাইল অপারেটরের ৫ কর্মকর্তার নামও উল্লেখ করা হয়।