ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: সরকার বিরোধী গোপন বেঠকের সময় উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনামুখি গ্রামের কয়ালবাড়ি মসজিদ থেকে জামায়াতের অর্ধশত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ওই নেতাদের আটক করা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, সরকারের বিরুদ্ধে গোপন বৈঠক চলাকালীন সময়ে এলাকাবাসী থানায় খবর দিলে চান্দ্রা ইউনিয়নের সোনামুখি গ্রামের কয়ালবাড়ি মসজিদ থেকে ৪৬ জন জামায়াত নেতা-কর্মীকে আটক করা হয়।
এদের মধ্যে ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন, জামায়াতের উপজেলা সেক্রেটারি জেনারেল ডা. এনায়েত হোসেন, জেলা শাখার সাবেক আমির ও বর্তমান আঞ্চলিক সহকারি মো. দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলা ও ইউনিয়নের নেতারা রয়েছেন।
পুলিশ সূত্র মতে, জামায়াতের উপজেলা আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেনের নেতৃত্বে ভোর রাত থেকে তারা ওই মসজিদে গোপন বৈঠক শুরু করে।
এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান জানান, আটককৃতদের মধ্যে একজন উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা সেক্রেটারি জেনারেল ও জেলার নেতা রয়েছেন। তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদী বই উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছিল।

