ভাঙ্গায় মাছ ধরাকে কেন্দ্র করে দুই ভাইকে কুঁপিয়ে হত্যা: গ্রেফতার-১

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের ভাঙ্গায় বিলে মাছ ধরাকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করার আভিযোগ উঠেছে।

এ ঘটনায় সাদ্দাত (৬০) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। নিহতরা হলেন, উপজেলার নুরুল্লাগন্জ্ঞ ইউনিয়নের উঁচাবাজার হাওলীকান্দা গঙ্গাদরদী গ্রামের গিয়াস উদ্দিন মাতুব্বরের ছেলে শামিম (২২) ও রাকিব (২০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যায় হাওলীকান্দা বিলে মাছ ধরার জন্য আপন দুই ভাই শামিম ও রাকিব বিলে জাল পাতে। একই গ্রামের প্রতিবেশী আব্দুস সাত্তার মাতুব্বরের ছেলে জামাল, আফজাল, কালাম, ছালাম, সবাই মিলে ওই একই স্থানে পাশাপাশি মাছ ধরতে জাল পাতেন।

মঙ্গলবার ভোরে বিলে মাছ ধরতে গেলে শামিম ও রাকিব দেখেন তাদের জালের পাশাপাশি মাছ ধরার জন্য সাত্তার মাতুব্বরের ছেলেরা জাল পেতেছে। পরে ওই জায়গা থেকে শামিম ও তার ভাই রাকিব ওদের জাল উঠিয়ে অন্যত্র ফেলে দেয়। এই ঘটনা নিয়ে বাড়ির পাশের রাস্তার পাড়িতে সাত্তার মাতুব্বরের ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে আগে থেকে ওৎপেতে থেকে শামিম ও রাকিবের উপরে হামলা চালায়। শামিম ও রাকিবকে কাতরা ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথে তাদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম ভাঙ্গার আলো-কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ শান্ত রয়েছে।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে ঘটনার তদন্ত সাপেক্ষে যাবতীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।