সফল উদ্যোক্তা হতে স্বপ্ন দেখতে হবে: ফরিদপুরের জেলা প্রশাসক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, উদ্যোগ ক্ষুদ্র হলেও তা উদ্যোক্তাকে প্রতিষ্ঠিত করতে পারে। ব্যবসাকে সহজ করে বুঝলে ব্যবসা তোমাকে ধরা দেবে। প্রত্যেককে আগে ভালো মানুষ হতে হবে। কে কি বলল, কে কোন ধরনের সার্টিফিকেট দিল- তা বিবেচ্য নয়। নিজে নিজেকে কতটা সার্টিফিকেট দিলে- সেটাই বড় কথা।

তিনি আরো বলেন, উদ্যোক্তা হতে গেলে স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন হতে হবে বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে থাকতে হবে বিশ্বাস। পাশাপাশি সৎ ও পরিশ্রমী হতে হবে। তাহলেই সফল উদ্যোক্তা হতে পারবে। আমরা মনে করি, আমরা সভ্য ও আধুনিক। এখন তোমরা যে স্বপ্ন দেখছ ১০-১৫ বছর আগে এ স্বপ্ন দেখতে না। আধুনিকতার ছোঁয়ায় এখন এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করাও সম্ভব হচ্ছে।

সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সাথে অনলাইনভিত্তিক ডিজিটাল প্লাটফর্মে নারী উদ্যোক্তাদের এ সভা হয়।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির, বিসিক উপ-পরিচালক এইচআরএম রশীদ মোল্লা। সভায় বিভিন্ন নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।