ভাঙ্গায় কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: ফরিদপুরেরর ভাঙ্গায় লাইজু আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার মীরাকান্দা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়।

নিহত লাইজু নুরুল্লাগঞ্জ ইউনিয়নের মীরাকান্দা গ্রামের লুৎফর মীরের মেয়ে ও সদরপুর মহিলা মাদ্রাসার ছাত্রী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, সম্প্রতি লাইজুর মানসিক সমস্যা দেখা দেয়। পরে গ্রামের এক হুজুরের কাছে লাইজুকে নিয়ে গেলে তিনি জানান লাইজুর জীনের সমস্যা রয়েছে। এরপর লাইজুকে পানি পড়া ও গলায় তাবিজ পড়িয়ে দেন ওই হুজুর। কয়েকদিন পরে লাইজুর মানসিক সমস্যা আরও বেড়ে যায় বিধায় তাকে কিছু দিন ঘর বন্দী করেও রাখেন তার পরিবার।

গতকাল রাত সাড়ে নয়টায় খাবার না খেয়ে তার খালার সাথে লাইজু শোবার ঘরে ঘুমাতে য়ায়। গভীর রাতে হটাৎ ঘুম ভেঙ্গে যায় লাইজুর খালার। পরে তার বিছানায় লাইজুকে দেখতে না পেয়ে খুজাখুজির এক পর্যায়ে লাইজুকে ঘরের বারান্দার আড়ার সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সে চিৎকার দেয়। প্রতিবেশীরা ও পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রাত দুইটায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম গণমুক্তিকে জানান, ময়না তদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ি পরবর্তিতে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।