ফরিদপুর প্রতিনিধি: বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৩১ জেলাকে শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচির আওতায় আনার কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারী ও ভাঙ্গা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এছাড়া ফরিদপুরের আরো ছয় উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করা হয়। সব মিলিয়ে ফরিদপুরের নয়টি উপজেলার মধ্যে আটটি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের নিশ্চিত হয়েছে।
এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. আবুল হাসানসহ কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, দুই উপজেলার মধ্যে বোয়ালমারীতে ২৬৭টি গ্রামে এক হাজার তিন’শ ৯৮ কিলোমিটার লাইনের মাধ্যমে ৬৮ হাজার তিন’শ ৩১টি সংযোগ, ৩০ এমভিএ ক্ষমতার দুটি উপকেন্দ্র রয়েছে যার নির্মান ব্যয় ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা। আর ভাঙ্গা উপজেলায় ১৫৮ টি গ্রামের ৯০৬.১৮ কিলোমিটার লাইনের মাধ্যমে ৪১ হাজার ৫০২টি সংযোগ, ৩০ এমভিএ ক্ষমতার দুটি উপকেন্দ্র রয়েছে, যার নির্মাণ ব্যয় একশ আট কোটি ৭৪ লাখ টাকা।

