
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৪/০১/২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ৬ ডাকাতকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি পিকআপ গাড়ি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।
শনিবার বিকালে ভাঙ্গা থানা পুলিশ সাংবাদিকদের এক প্রেস রিলিজ করে ঘটনার বিবরণ তুলে ধরেন। এরপর আটককৃত ডাকতদের জেল হাজতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো, মাদারীপুর জেলার কামাল উকিল (৪০) ও শাহ আলম শেখ (৩৫)। নেত্রোকোনা জেলার ইনছান মিয়া (২৫), নওগাঁ জেলার রাজু মন্ডল(২৮), নোয়াখালী জেলার নুর আলম(২৩), ঢাকা জেলার উজ্জ্বল (৩০)।
এ বিষয় ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার রাতে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ে চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া ব্রীজের নিকটে ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ভাঙ্গা থানা পুলিশ তিন ডাকাতকে আটক করে। আটককৃতদের দেওয়া তথ্যমতে ঢাকা মিরপুর ১২ এলাকার একটি বস্তি থেকে আরো তিনজন ডাকাতকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা ডাকাতি করার উদ্দেশ্যে উক্ত স্থানে ওৎ পেতে ছিল। তারা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

