
মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা১৩/০৯/২০২৫
ফরিদপুর-৪ আসন থেকে ২টি ইউনিয়নকে কর্তনের প্রতিবাদে ও পুর্নবহালের দাবিতে এবং আগামী দিনের নতুন কর্মসূচি ঘোষণায় এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলন থেকে আগামী ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর রবি,সোম ও মঙ্গলবার পর্যন্ত লাগাতার সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা করা হয়। রোববার ভোর ৬টা থেকে শুরু হয় প্রতিদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চলবে মঙ্গলবার পর্যন্ত। অবরোধ চলাকালে জরুরী সেবা যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে। শনিবার বিকেলে আলগী ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ম ম ছিদ্দিক মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং, উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ এনায়েত হোসেন, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ও সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিম ইসলাম অভি প্রমুখ।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, জনগণের জানমালের হেফাজতে ও সড়কে নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অপরদিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, সড়কে যান চলাচল সচল রাখতে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা হয়েছে।

