ঢাকায় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যাওয়ার পথে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত, আহত-৬


মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-১৯/০৭/২০২৫
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনা দাকোপ উপজেলার জামায়াতের আমির মারা গেছে। দুর্ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছে। আহতদের ভাঙ্গা, ফরিদপুর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এক্সপ্রেসের শুরুতে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মাওলানা আবু সাঈদ (৫২) খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমির। আহতদের মধ্যে, জামায়াত কর্মী আনিসুর রহমান ও মো. ইকবাল হোসেনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, শনিবার ভোররাতে ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের শুরুতে গাড়ি পার্কিং করে চা খাচ্ছিলেন জামায়াতের নেতাকর্মীরা। এ সময় দাকোপ উপজেলা আমির মাওলানা আবু সাঈদ দেখতে পান, তার গাড়ির ব্যানারটি খুলে গেছে। ঠিক করার জন্য তিনি নিজেসহ কয়েকজনে মিলে কাজ করছিলেন। এ সময় অজ্ঞাত একটি পরিবহন পেছন দিক থেকে আসা একটি বাস সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মাওলানা আবু সাঈদ নিহত হন। আর আহত হন জামায়াত কর্মী আনিসুর রহমান ও ইকবাল হোসেন।
মাওলানা আবু সাঈদ চালনা বিল্লালিয়া আলিম মাদরাসার সহকারী মৌলভী হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে। এবার তার বড় মেয়ে জুই খাতুনের বিয়ে হয়ে গেছে, মেজো মেয়ে তাহেরা খাতুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, সেজো মেয়ে হুমায়রা খাতুন এ বছর চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, আর ছোট মেয়ে যুথী অষ্টম শ্রেণিতে লেখাপড়া করে।

মাওলানা আবু সাঈদের মরদেহ দাকোপে আনা হয়েছে। সেখানে পারবারিক ও সাংগঠনিকভাবে বসে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে বলে জানা গেছে।