ক্রীড়া ডেস্ক: গত ১৫ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম রাউন্ডের ম্যাচ শেষে করোনার কারণে ডিপিএলের বাকি ম্যাচ স্থগিত হয়ে যায়। প্রথম রাউন্ডে আবাহনীর হয়ে মুশফিক ১২৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন।
করোনার জেরে দেশের ক্রিকেট বন্ধ প্রায় তিন মাসের বেশি সময় ধরে। তবে ক্রিকেটাররা ফিটনেস ঠিক রাখতে ব্যক্তি পর্যায়ে অনুশীলন করে যাচ্ছেন। আর এই তালিকায় সবার ওপরে রয়েছেন মুশফিকুর রহিম।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুশফিক অনুশীলনের অনুমতি চাইলেও পরিস্থিতি খারাপ বিবেচনায় তা দেওয়া হয়নি। তবে অবশেষে মাঠে নামলেন তিনি। যদিও হোম অব ক্রিকেটে নয়, বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের মাঠে। মঙ্গলবার (০৭ জুলাই) সকালে ঘণ্টা দুয়েক রানিং, স্ট্রেচিং আর পিচে হালকা নক করেছেন। নিজের ফেসবুক পেজে এনিয়ে একটি ভিডিও পোস্ট করে মুশফিক ক্যাপশনে লিখেন, আলহামদুলিল্লাহ।

