নগরকান্দার রামনগরে জমি লিখে না দেয়ায় বাবাকে হত্যা

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি: উপজেলার রামনগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি লিখে না দেবার কারনে বাবা হারু চৌধুরীকে (৬২) পিটিয়ে হত্যা করেছে তারই ঔরশজাত ছেলে মিলন চৌধুরী। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

রামনগর ইউপি সদস্য সুকুমার চন্দ্র দাস জানান, হারু চৌধুরী পেশায় একজন কৃষক। তার দুই ছেলে। বড় ছেলে লিটন চৌধুরী কয়েক বছর যাবৎ স্ত্রী-সন্তান নিয়ে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে হারু চৌধুরী স্ত্রী ও ছোট ছেলে মিলনকে নিয়ে থাকতেন। বেশ কিছুদিন যাবৎ মিলন তার বাবাকে সব সম্পত্তি তার নিজের নামে লিখে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল।

মিলনের এমন অনৈতিক প্রস্তাবে হারু চৌধুরী রাজী না হওয়ায় বাবা-ছেলের সম্পর্কে ফাটল ধরে। শুক্রবার সকালে মিলন পুনরায় তার বাবাকে জমি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। এতে রাজী না হওয়ায় লাঠি দিয়ে পিটিয়ে মিলন তার বাবাকে হত্যা করে।

এ বিষয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন ভাঙ্গার আলো প্রতিনিধিকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ছোট ছেলে মিলন চৌধুরী পলাতক রয়েছে।

এলাকাবাসি জানায়, মিলন চৌধুরী একজন মাদকসেবী এবং বখাটে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।