৫ মাস পেরিয়ে গেলেও আদালতের আদেশ মানছেনা ভাঙ্গা থানা পুলিশ

ষ্টাফ রিপোর্টার: প্রায় ৫ মাস পেরিয়ে গেলেও অদৃশ্য কারনে ভাঙ্গা পৌর সদরের কাপুড়িয়া সদরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হাফিজুর রহমান মোল্লার একটি আবেদনের প্রেক্ষিতে দেয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত, ফরিদপুরের আদেশ মানছে না ভাঙ্গা থানা পুলিশ।

জানা যায়, উপজেলার ৫৫ নং সদরদী মৌজার এসএ ১৯২১, ডিপি-২৯৪২/২, হাল ২৯৪২/২ নং খতিয়ানের সাবেক দাগ ১৪২৮, হালে ২৪৭০ মোট ১৮ শতাংশের মধ্যে ২.৩৩ শতাংশ জমিতে বিবাদী কর্তৃক শান্তি ভঙ্গের আশঙ্কা থাকায় বাদি হাফিজুর রহমান মোল্লা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আদেশ চাহিয়া একটি আবেদন করেন। যার নাম্বার- ১৪৫/১৯। উক্ত আবেদনের প্রেক্ষিতে আদালত বিষয়টি নিস্পত্তি না হওয়া পর্যন্ত নালিশী জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারীসহ ওসি ভাঙ্গা থানাকে নির্দেশ দেন।

নির্দেশ মোতাবেক থানা পুলিশের পক্ষ থেকে বাদী ও বিবাদীকে নোটিশের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নালিশী জমিতে ১৪৪ ধারা জারী করেন। নোটিশ প্রাপ্তির পর বিবাদী শান্তি শৃঙ্খলা ভঙ্গ করিয়া নালিশী জমিতে বহুতল ভবন নির্মান কাজ করিতে থাকে। পরে বাদী বিষয়টি পুনরায় আদালতকে জানাইলে আদালত তা স্বারক নং ৬৪২, ৩০/০৫/২০১৯ ইং তারিখে সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য ওসি ভাঙ্গা থানাকে নির্দেশ দেন।

ঐসময় ভাঙ্গা থানা পুলিশের এসআই সঞ্জয় বিশ্বাস নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাইয়া স্বারক নং ২৯৫২, ৩০/০৬/২০১৯ ইং তারিখে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

এসআই সঞ্জয়ের দাখিলকৃত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত ১৪৪ ধারা ভঙ্গ করিয়া বহুতল ভবন নির্মানের অপরাধে ১৮৮ ধারা মোতাবেক বিবাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য স্বারক নং ৮০৩, ১০/০৭/২০১৯ ইং তারিখে ভাঙ্গা থানা পুলিশকে আদেশ দেন।

উল্লেখিত আদেশ প্রাপ্তির প্রায় ৫ মাস অতিবাহিত হলেও অদ্যবধি ভাঙ্গা থানা পুলিশ অদৃশ্য কারনে বিবাদীর বিরুদ্ধে কোনরুপ আইনগত বিধি ব্যবস্থা গ্রহন করেনি। ফলে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বাদী হাফিজুর রহমান মোল্লা তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ভাঙ্গা থানার এসআই মানিক বলেন, বিবাদীর বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গের দায়ে ১৮৮ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে——————।