
মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -০২/০২/২০২৫
ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বেশ কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ১২ জন। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে ভাঙ্গা রোববার সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘারুয়া ইউনিয়নের খারদিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষ দীর্ঘদিন শক্ত অবস্থানে রয়েছে। এর মধ্যে এক পক্ষের নেতৃত্ব দেন ঘারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার মুন্সী ও বিএনপির সমর্থক চান মিয়া । অপর পক্ষের নেতৃত্ব দেন ঘারুয়া ইউনিয়নের ওয়ার্ড কৃষক দলের সভাপতি করিম মোল্লা ও খারদিয়া গ্রামের বাসিন্দা ও ফিরুজুর রহমান নিরু খলিফা। গত শনিবার ( ১ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এরই জের ধরে রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে দুই পক্ষ দেশিও অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত সহ ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত আনোয়ার মুন্সীর পক্ষের ইদ্রিস মোল্লা (৪৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আনোয়ার মুন্সীর পক্ষের ফজলুল হক মুন্সী (৫০), জিয়াদ আলী মাতুব্বরকে (৪২) । অপরদিকে ফিরুজুর রহমান নিরু খলিফার পক্ষের ফয়সাল শেখ (৪২) কেও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিলো। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ এখনও পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- Home
- জেলা সংবাদ
- ভাঙ্গা
- ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-২০

