চরভদ্রাসনে মাস্ক বিতরণ করলেন ইউএনও

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: চরভদ্রান উপজেলার সদর ইউনিয়নের জাকেরের সুরা বড় ব্রীজ সংলগ্ন সড়কে বুধবার বিকেলে ইউএনও জেসমিন সুলতানার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাস্ক ব্যবহার না করা এবং কাগজপত্র বিহীন মোটরযান চালনার দায়ে সাতজন পথচারীর কাছ থেকে মোট ১ হাজার ৮শ’ টাকা নগদ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এ সময় মাস্ক ব্যাবহারের উপর তাগিদ দিয়ে প্রায় অর্ধশত পথচারীর মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও জেসমিন সুলতানা।

জানা যায়, ওই দিন মাস্ক ব্যবহার না করার দায়ে প্রতিজন পথচারীকে ২শ’ টাকা করে তিন জনের কাছ থেকে নগদ ৬শ’ টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্র না করার দায়ে চারজন মোটরযান চালককে বিভিন্ন অংকে ১ হাজার ২শ’ টাকা সহ মোট ১ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।